
সিরাজদিখান জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন
“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। সোমবার (০৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), সিরাজদিখানের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুম্পা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মুন্সীগঞ্জ-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল্লাহর। তবে সংসদীয় জরুরি কাজের কারণে তিনি উপস্থিত হতে না পারায় তাঁর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
আলোচনা সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও টেকসই পল্লী গঠনে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলা বিএনপির নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 








