সিরাজদিখানে নিখোঁজের ৪দিন পর নদীতে ভেসে উঠল বৃদ্ধের লাশ
আরিফুল ইসলাম শামীম, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের চারদিন পর ইছামতি নদী থেকে আব্দুল মালেক (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তিনি মানসিক ভারসাম্যহীন ও দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।
মৃত আব্দুল মালেক উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন চর গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে।
শুক্রবার সকাল দশটার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের টেংঘুরিয়া পাড়া কবরস্থান সংলগ্ন ইছামতি নদীতে মৃতদেহটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দিলে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ জুন বিকাল আনুমানিক ৪ টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি আব্দুল মালেক। স্বজনরা ৪দিন ধরে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এর আগে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা নিখোঁজের অভিযোগ করা হয়নি।
বৃদ্ধের ছেলে হানিফ জানান, তার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখেও কম দেখতেন। চার দিন ধরে বাবাকে খুজতেছিলাম। আজ ফেসবুকে ভিডিও দেখে এখানে এসে পেলাম।
বক্তাবলি ফারির নৌ পুলিশের ইনচার্জ এ কে এম আমিনুল হক জানান, নিহত মালেক মিয়া ভারসাম্যহীন ছিল,চোখেও একটু কম দেখতেন , মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । এ বিষয়ে আমাদের ফারির উপ-পরিদর্শক মো.সেলিম তদন্ত করছে।
আরিফুল ইসলাম শামীম, সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 








