
মির্জা ফখরুল ও রিজভীর জন্য শ্রীনগরে মিলাদ ও দোয়া
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়া এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় মুন্সীগঞ্জের শ্রীনগরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার বিভিন্ন মসজিদে এই দোয়া মাহফিলে আয়োজন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। এছাড়া মীর সরফত আলী সপু শ্রীনগর উপজেলার দামলা মীরবাড়ি জামে মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এবং রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। একই সঙ্গে তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিএনপির মহাসচিব পদটি শূন্য হলে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
মুন্সীগঞ্জ প্রতিনিধি 












