
দাখিল মাদ্রাসার ছাত্র সিরাজদিখানের শফিকুল ইসলামের এমবিবিএস অর্জন
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরকুন্দুলিয়া গ্রামের সন্তান ডাঃ মো. শফিকুল ইসলাম রাশিয়া থেকে এমবিবিএস (MBBS) ডিগ্রি অর্জন করেছেন। তাঁর এ সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে আনন্দ বিরাজ করছে।
ডাঃ শফিকুল ইসলাম চরকুন্দুলিয়া গ্রামের মো. কেরামত আলীর ছেলে। তাঁর শিক্ষাজীবনের সূচনা হয় খাসকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসায়। পরে তিনি ঢাকার গুলশানের ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে উচ্চমাধ্যমিকের পর রাশিয়ায় পাড়ি জমান এবং ন্যাশনাল রিসার্চ মর্দোভিয়া স্টেট ইউনিভার্সিটিতে চিকিৎসাবিজ্ঞানে ভর্তি হন। দীর্ঘ অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ১ জুলাই বুধবার রাশিয়ার স্থানীয় সময় বিকেল ৪টায় তিনি সফলতার সঙ্গে এমবিবিএস (MBBS) ডিগ্রি অর্জন করেন।
খাসকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইতিহাসে তিনিই প্রথম শিক্ষার্থী, যিনি চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে প্রতিষ্ঠানটির জন্য গৌরব বয়ে এনেছেন। তাঁর এই অর্জনকে এলাকার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন শিক্ষক ও স্থানীয়রা।
মাদ্রাসার প্রধান শিক্ষক মুহাম্মদ আমির হোসাইন বলেন,ডাঃ মো. শফিকুল ইসলাম আমাদের প্রতিষ্ঠানের গর্ব। তাঁর সাফল্য বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করবে। আমরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
নিজের অনুভূতি জানিয়ে ডাঃ মো. শফিকুল ইসলাম বলেন, মহান আল্লাহর অশেষ রহমত, মা-বাবা, শিক্ষক, পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া এবং ভালোবাসার কারণেই আজকের এই অর্জন সম্ভব হয়েছে। আমি ভবিষ্যতে একজন রোগীবান্ধব চিকিৎসক হিসেবে মানুষের সেবায় কাজ করতে চাই। পাশাপাশি নিউরোসার্জারিতে উচ্চতর শিক্ষা গ্রহণ করে একজন দক্ষ নিউরোসার্জন হিসেবে দেশের মানুষের সেবা করার স্বপ্ন দেখি।
ডাঃ শফিকুল ইসলাম ভবিষ্যতে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং তাঁর এই সাফল্য নতুন প্রজন্মকে উচ্চশিক্ষা ও মানবসেবায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এটাই তার মা বাবা ও স্থানীয়দের প্রত্যাশা।
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 








