
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তার ও হাউজিং ব্যবসার দখলকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে বাড়ি ঘর ভাঙচুর ও অসংযোগের ঘটনা ঘটেছে।
রবিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি বেগম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, খাসকান্দি বেগম বাজার এলাকার গিয়াস উদ্দিনের ছেলে আবুল হোসেনের সাথে একই গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে সুমন মিয়ার সাথে বাংলা এশিয়া নিরাপদ সিটি নামে একটি হাউজিং কোম্পানির দখল নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে আবুল হোসেনের লোকজন প্রতিপক্ষ সুমন মিয়ার দুটি বসতঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “আধিপত্য বিস্তার ও হাউজিং ব্যবসার বিরোধকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দোষীদের শনাক্তের চেষ্টা চলছে।”
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 









