প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ১২:৫০ পি.এম
সিরাজদিখানে ৩৩ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কর্মক্ষমতা-ভিত্তিক অনুদান প্রকল্পের আওতায় ৩৩ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. কামরুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. রসময় কীর্ত্তনীয়া।
ভবানিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিনে অনুষ্ঠান সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার এ কে এম মালেক, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামাল হোসেন মিঞা এবং সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শাহিনা আক্তার বলেন, এই প্রকল্প শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করছে। যারা নিয়মিত ও মনোযোগী, তাদের স্বীকৃতি দেওয়া হলে পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়ে। সরকার শিক্ষার মানোন্নয়নে যেসব উদ্যোগ নিয়েছে, তা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, শুধু ভালো ফল করলেই হবে না, ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধের চর্চা গড়ে তোলার বিষয়টিও জরুরি। বিদ্যালয়, পরিবার ও সমাজ সম্মিলিতভাবে কাজ করলেই একটি আলোকিত জাতি গড়া সম্ভব। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৪ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৯ জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক:ইমতিয়াজ উদ্দিন বাবুল
ই-মেইল:bikrampurerchokh@gmail.com
মোবাইল:01715521154
শাহাবুদ্দিন প্লাজা(২য় তালা),নিমতলা
সিরাজদিখান, মুন্সিগঞ্জ
All rights reserved © 2025