
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১১০ পিস ইয়াবাসহ শরিফ শেখ (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজদ (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনেসার গুধারা ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সানোয়ার ও শিবলী সাদিকের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শরিফকে আটক করে।
গ্রেপ্তারকৃত শরিফ শেখ উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইয়ানুস শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শরিফ দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফ পেশায় সিএনজি চালক হিসেবে পরিচিত হলেও এটি ছিল তার ছদ্মবেশ। সিএনজি চালকের আড়ালে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার কারণে এলাকার যুব সমাজ ধীরে ধীরে মাদকের নেশায় ধ্বংস হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা এ ধরনের চিহ্নিত মাদক কারবারিদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন, যাতে অন্যরা এর থেকে শিক্ষা নেয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, “শরিফ দীর্ঘদিন ধরে সিএনজি চালকের পরিচয়ে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ১১০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।”
সিরাজদিখান প্রতিনিধি 









