
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে এক ব্যক্তিকে ওই পুকুরে সাঁতার কাটতে দেখা যায়। এ সময় আশপাশের লোকজন তাকে ডাকাডাকি করলেও তিনি কোনো সাড়া দেননি। অন্ধকার ও ভয়ের কারণে কেউ পানিতে নেমে তাকে উদ্ধারের সাহস পাননি। পরদিন রোববার বিকেলে পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক:ইমতিয়াজ উদ্দিন বাবুল
ই-মেইল:bikrampurerchokh@gmail.com
মোবাইল:01715521154
শাহাবুদ্দিন প্লাজা(২য় তালা),নিমতলা
সিরাজদিখান, মুন্সিগঞ্জ
All rights reserved © 2025